প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
ঝিনাইদহের মহেশপুর পুলিশের পোশাকে ডাকাতি, আটক ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১ নম্বর এসবিকে ইউনিয়নে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টাকালে শান্ত শেখ (২৭) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে চার থেকে পাঁচজনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বসতবাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এসময় ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে। বিষয়টি বাড়ির মালিক সন্দেহ হলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে আটক করেন। তবে বাকিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।
ভুক্তভোগী বাড়ির মালিক জানান, ডাকাতরা সবাই পুলিশের পোশাক পরিহিত এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV